• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম


শুল্ক ফাঁকির পণ্য জব্দ অলিপুরে

আপডেট টাইম: September 19, 2025 5:52 pm




সীমান্তঘেঁষা অঞ্চলে সক্রিয় চোরাচালান সিন্ডিকেটের কার্যক্রম আবারও আলোচনায় এসেছে। হবিগঞ্জের অলিপুরে হাইওয়ে পুলিশের নিয়মিত চেকপোস্টে কোটি টাকার বিদেশি পণ্য আটক হওয়ার ঘটনায় চোরাচালান নেটওয়ার্ক নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে ঢাকা অভিমুখী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ঠ-১৩-৩৩৯৭) তল্লাশী চালায় হাইওয়ে পুলিশ। এ সময় ভ্যান থেকে প্রায় ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। আটক করা হয় ভ্যানের চালককেও।

আটককৃত চালক হলেন- সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া এলাকার আব্দুল ওয়াহবের ছেলে আবু হানিফ (৩১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন,আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনা কোনো পণ্যই ছাড় দেওয়া হবে না।

স্থানীয়দের দাবি, সীমান্ত দিয়ে এভাবে পণ্য পাচার হওয়া নিয়মিত ঘটনা। এতে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে এবং দেশের বাজার ব্যবস্থায় নেমে আসছে অস্থিরতা।

সুশীল সমাজ মনে করছে- অলিপুরে হাইওয়ে পুলিশের অভিযান নিঃসন্দেহে বড় সাফল্য। তবে আসল চ্যালেঞ্জ হচ্ছে মূল হোতাদের চিহ্নিত করে চোরাচালান চক্র ভেঙে দেওয়া। নতুবা কালোবাজারি আবারও নতুন কৌশল নিয়ে ফিরে আসবে।