• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম


শেরপুরে ইয়াবাসহ পুরোনো কারবারি আবারও ধরা

আপডেট টাইম: April 18, 2026 11:11 pm




মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল (শুক্রবার) রাতে খলিলপুর ইউনিয়নের আইনপুর খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই শামসুল হুদা সহ একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ওসমানীনগর উপজেলার পূর্ব তাজপুর গ্রামের মৃত আছাব উদ্দিনের ছেলে মো. শামীম মিয়াকে (৩৫) আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীম মিয়া দীর্ঘদিন ধরে শেরপুর বাজার ও আশপাশ এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই মো. শফিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।