

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর বাজারস্থ মুন লাইট রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মোঃ সোহেল আহমদ (৩০)। তিনি সিলেট জেলার শাহপরাণ (রঃ) থানার মুক্তিযোদ্ধা আদর্শ গুচ্ছগ্রাম এলাকার মৃত আঃ রাজ্জাকের পুত্র।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপু কুমার দাস নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন এএসআই সফিক মিয়া, এএসআই সোহাগ মিয়া, কনস্টেবল রাবুল ইসলাম ও মামুনুর রশিদ।
এসআই শিপু কুমার দাস জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শেরপুর বাজারের মুন লাইট রেস্টুরেন্টের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার ৬০০ টাকা।
আটক সোহেল আহমদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজ হেফাজতে রেখেছিলেন।
পুলিশ জানায়, আটক সোহেল আহমদের বিরুদ্ধে এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় অন্তত ৬টি মামলা রয়েছে। এর অধিকাংশই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়েরকৃত। কিছু মামলায় চার্জশিটও দাখিল হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন- ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তার পূর্বের মামলাগুলো যাচাই করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
