• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ এএম


শেরপুরে সবুজ কুড়ি ক্লাবের টি-২০ টুর্নামেন্টের জার্সি উন্মোচন

আপডেট টাইম: October 29, 2026 9:16 pm



মোঃ ফাহাদ আহমদ : 

খেলার মাঠের প্রত্যাশা আর ক্রিকেটের উচ্ছ্বাস- এ দুইকে সামনে রেখে মৌলভীবাজারের শেরপুরে অনুষ্ঠিত হয়েছে সবুজ কুড়ি ক্লাব আয়োজিত গ্র্যান্ড জার্সি লঞ্চ ও টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬, সিজন-১৪-এর আয়োজন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর বাজারের মুন লাইট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্রিকেটের প্রসারের পাশাপাশি এলাকায় একটি খেলার মাঠের দাবি জানান ক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ কুড়ি ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের আহমেদ। সঞ্চালনা করেন ক্লাবের সদস্য হৃদয় আহমেদ উজ্জ্বল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্লাবের সদস্য রাজন আহমেদ। পরে ক্লাবের সদস্য প্রয়াত নূরুল আমিনের স্মরণে ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- দৈনিক সমকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও ক্রিয়েটিভ নিউজ২৪ এর প্রধান সম্পাদক নূরুল ইসলাম, হামরকোনা এলাকার সালিশ ব্যক্তিত্ব এমএস আলম, সিপিএম সদস্য তানভীর শেখ, ক্লাবের সাংগঠনিক সম্পাদক সজিব দাস বাপ্পা, শেরপুরের সামাজিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম ও মিজানুর রহমান এবং ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ইয়াসিন সেলিম।

শুভেচ্ছা বক্তব্য দেন হামরকোনা এলাকার তরুণ ব্যক্তিত্ব শেখ জুয়েল আহমদ ও ফরহাদ আহমেদ এবং হামরকোনা ভয়েস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুদরত আহমেদ মোহন, খলিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজন আহমেদ টিটু।

অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জিল্লুর রহমান ও হাবিবুর রহমানকে বিশেষ অবদানের জন্য ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

বক্তারা স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ গড়ে তোলা এবং তরুণদের ক্রীড়ামুখী করতে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন। এ সময় শেরপুর এলাকায় একটি খেলার মাঠ প্রতিষ্ঠার জন্য স্থানীয় ও জেলার ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানায় ক্লাবটি। শেষে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে ফটোসেশানের মধ্যদিয়ে জার্সি লঞ্চ করা হয়৷

উল্লেখ্য, ১৯৯৮ সালে যাত্রা শুরু করে সবুজ কুড়ি ক্লাব। দীর্ঘদিন ধরে ক্লাবটি স্থানীয় পর্যায়ে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে।