• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম


শেরপুরে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

আপডেট টাইম: June 22, 2025 11:40 pm



সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা আনুমানিক ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য ও কাভার্ড ভ্যান গাড়িসহ ৩ জনকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। রবিবার (২২ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ঐ পণ্য বহনকারী গাড়িসহ ৩ জনকে আটক করে পুলিশ।

জানা যায়, সিলেট শহর এলাকা থেকে মহাসড়ক দিয়ে  সরকারের শুল্ক ফাঁকি দিয়ে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান গাড়ি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে আসছিলো। তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশ বাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযানে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে আনুমানিক ৩৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন রকমের পণ্যসহ (ঢাকা মেট্রো-ম: ৫৫-১৪৫৪) গাড়ির চালক সহ তিনজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- ১। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মরারপাড়া এলাকার রিয়াজ হোসেনের ছেলে মো. ইয়াকুব মিয়া (২০), ২। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হেমু হাউতপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২১), ৩। একই এলাকার আব্দুল ছাত্তারের ছেলে মো. ছালে আহমেদ (২৩)।

এ ব্যাপারে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্যসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটক হওয়া পণ্যের বাজার মূল্য আনুমানিক ৩৬ লাখ টাকা।

বর্তমানে আটক হওয়া পণ্যবাহী গাড়ি সহ আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে- সিলেট এলাকা থেকে পণ্যের চালান নিয়ে আসছে এবং ঢাকার দিকে নিয়ে যাবে। কে! বা কারা! এই চোরাচালানের সাথে জড়িত এ ব্যাপারে তাঁরা কিছুই বলেনি। বর্তমানে আইনি পক্রিয়া চলমান রয়েছে।