• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম


শেরপুর হাইওয়ে থানায় ডিআইজি, দায়িত্বশীল পুলিশিংয়ের নির্দেশনা

আপডেট টাইম: January 2, 2026 5:33 pm



মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক ॥ হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে শেরপুর হাইওয়ে থানা পরিদর্শন করেছেন- হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন ডিআইজি (অপারেশনস্-পূর্ব) মোঃ আবদুল মাবুদ।

শুক্রবার (২ জানুয়ারি) পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা দিতে শেরপুর হাইওয়ে থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এসময় তিনি নবনির্মিত শেরপুর হাইওয়ে থানা জামে মসজিদে জুমার নামাজে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে ডিআইজি হাইওয়ে পুলিশের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের পরিদর্শন ও দিকনির্দেশনা হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকর করে তুলবে এবং মহাসড়কে যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।