• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম


শোকের আবহে ঐক্যের বার্তা: নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

আপডেট টাইম: December 31, 2025 4:35 pm



নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পেশাদারিত্ব, সহমর্মিতা ও ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবারের নির্বাচন।

নির্বাচনের তফশীল অনুযায়ী মঙ্গলবার সকালে নবীগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গনে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুরুতেই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে তাঁর রূহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকের প্রতীক হিসেবে প্রেসক্লাবের সদস্যরা কালো ব্যাজ ধারণ করেন। এ কারণে নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর সকাল সাড়ে ১১টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত।

নির্বাচনে মোট ৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ছয়টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৫ জন প্রার্থী। ভোটগ্রহণ শেষে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. ফজলুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত এবং এস আর চৌধুরী সেলিম সমান সংখ্যক ২১ ভোট করে অর্জন করেন। পরবর্তীতে উভয় প্রার্থীর সম্মতিক্রমে এক বছরের মেয়াদি কমিটিতে ছয় মাস করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে অনুযায়ী এস আর চৌধুরী সেলিম আগামী ১ জানুয়ারি থেকে ৩০ জুন এবং এম এ বাছিত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

একইভাবে কোষাধ্যক্ষ পদে শাহরিয়ার আহমেদ শাওন ও সাগর আহমেদ সমান সংখ্যক ২১ ভোট লাভ করেন। পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়- সাগর আহমেদ ১ জানুয়ারি থেকে ৩০ জুন এবং শাহরিয়ার আহমেদ শাওন ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক জালালাবাদের প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক পদে দৈনিক কালেরকণ্ঠের প্রতিনিধি মো. আলমগীর মিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি জুয়েল আহমদ নির্বাচিত হন।

কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন- গৌছুজ্জামান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, নিজামুল ইসলাম চৌধুরী, ফখরুল আহসান চৌধুরী, এম এ মুহিত, আনোয়ার হোসেন মিঠু, এম মুজিবুর রহমান ও নাবেদ মিয়া।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মো. ফজলুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য অলিউর রহমান অলি।

নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী। এছাড়া হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, সদস্য নায়েব হোসাইন ও দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান নির্বাচনীয় কার্যক্রমে সহযোগিতা করেন।

সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। নির্বাচন পর্যবেক্ষণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।

শোকের আবহেও সৌহার্দ্য, ঐক্য ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচন নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।