

নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে সিলেট, ঢাকাসহ দেশের অনেক স্থানের আকাশও মেঘলা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ও আগামীকাল বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে এর রেশ যেতে না যেতেই আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে। তবে সেটি বাংলাদেশের উপকূলেই আঘাত হানবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চলতি অক্টোবর মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে গত বুধবার থেকেই সাগরে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাব বেশি পড়ে ভারতের তামিলনাড়ু উপকূলে। তবে এর প্রভাব বাংলাদেশেও পড়ে। গতকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি।
আগামীকাল ও শনিবার দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রোববার থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। মঙ্গলবার থেকে বঙ্গোপসাগের একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে বলে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, এই লঘুচাপ থেকে নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়ও হতে পারে।
সাগরে ঘূর্ণিঝড় হলে এর লক্ষ্যস্থল বাংলাদেশের উপকূল হতে পারে কিনা এই প্রশ্নে ওমর ফারুক বলেন, এখনো এটি নিশ্চিত নয়। এখন পর্যন্ত এর যে গতিপ্রকৃতি, তাতে ভারতের পশ্চিমবঙ্গ বা ওড়িশার দিকেই এটি আঘাত হানতে পারে। তবে নিশ্চিত করে এখনই বলা যায় না। বাংলাদেশের উপকূলে আসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এবারের সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ডানা’। এটি কাতারের দেওয়া নাম বলে জানান ওমর ফারুক।
