

জানা যায়, জৈন্তাপুর থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২৪-৪৩৮৪) অবৈধ ২৫০ বস্তা চিনি নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের পেছনে কালো রঙের একটি মাইক্রোবাস, বক্সি(ঢাকা মেট্রো-চ ৫১-৪৯৩৩)নিয়ে ট্রাকটিকে অনুসরণ করছিলেন চারজন চোরাকারবারি।
পথিমধ্যে চিনির চালান লুটের চেষ্ঠা করে একদল ছিনতাইকারী। তারা একটি মাইক্রোবাস, নোহা (ঢাকা মেট্রো-চ ১৫- ১৫ ২০) ও দুইটি মোটরসাইকেল (সিলেট মেট্রো-ল ১১-২৫৭৭, সিলেট মেট্রো-হ ১২-৯২৬২)নিয়ে চিনিভর্তি ট্রাকটিকে ধাওয়া করে। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে সাদিপুর সেতুর সামনে থেকে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ চিনিভর্তি ট্রাক, দুইটি মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেল আটক করে।

এদের মাঝে সিলেট মহানগর বিএনপির ২৫ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমার বারখোলার ৪৫ রূপালি আবাসিক এলাকার মৃত ছানা মিয়ার ছেলে মো. সোলেমান হোসেন সুমন (৪২) এবং ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভার্তখোলার সোনালী ২২ আবাসিক এলাকার মৃত দিলু মিয়ার ছেলে মো. আবদুল মান্নান (৪৩)। উভয়কে চিনি ছিনতাইয়ের চেষ্টার দায়ে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ সময় চিনি চোরাচালানে জড়িত হিসেবে সিলেট সদর উপজেলার বটেশ্বরের মলাইটিলার মৃত করম আলীর ছেলে মনির আহমদ (৩২), জৈন্তাপুরের বাঘের খালের মমতাজ আলীর ছেলে তোফায়েল আহমদ (২৬), একই এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. শাহীন আহমদ (২৫) ও গোয়াইনঘাটের ফতেহপুর তৃতীয়খণ্ডের মঈন উদ্দিনের ছেলে নজরুল ইসলামকে (৪২) আটক করে পুলিশ। তবে ছিনতাইয়ের সঙ্গে জড়িত আরও কয়েকজন পালিয়ে যায়।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সাদিপুর সেতুর সামনে থেকে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ভারতীয় চিনিভর্তি একটি ট্রাক, দু’টি মাইক্রোবাস ও দু’টি মোটর সাইকেল। এদের মধ্যে চোরাচালানের সঙ্গে জড়িত চারজন এবং চিনির চালান ছিনতাইয়ের চেষ্ঠার দায়ে দুইজন আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিলেট সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চোরাই চিনির ট্রাকটি সিলেট থেকে পিছু ধাওয়া করেন আটক বিএনপির দুই নেতাসহ অজ্ঞাত কয়েকজন। তারা শেরপুর এলাকায় পৌছার পর ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করেন। জনতা বুঝতে পেরে তাদের আটক করে পুলিশকে খবর দেন। তখন আটক দু’জন নিজেদের বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন।
স্থানীয়রা আরও জানান, ওয়ার্ড বিএনপির দুই নেতার নেতৃত্বে নেতাকর্মীরা চিনির ট্রাকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সিলেট থেকে ধাওয়া করেন। পথিমধ্যে সাদীপুর সেতু সংলগ্ন এলাকায় গিয়ে ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করলে শুরু হয় হট্টগোল।
এমন সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই বিএনপি নেতাকে আটক করতে সক্ষম হলেও অন্যরা গাড়ি রেখে পালিয়ে যান। তখন জনতা পুলিশকে খবর দিলে তাদের আটক করে জব্দকৃত গাড়িসহ থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
