• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম


সিলেট জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রাশেদ আলী

আপডেট টাইম: June 3, 2026 11:03 pm




ওসমানীনগর প্রতিনিধি:

সিলেট জেলার ‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষক-২০২৬’ নির্বাচিত হয়েছেন ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাশেদ আলী। গত ২ জুন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বাছাইপর্ব শেষে জেলা শিক্ষা পদক কমিটি তাঁকে এ সম্মাননায় ভূষিত করে।

মো. রাশেদ আলী ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের আটগাঁও গ্রামের মরহুম মছকদ আলী ও মরহুমা সুরেতুন নেছার ছেলে। শিক্ষকতার পাশাপাশি তিনি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় লেখালেখির সঙ্গে যুক্ত রাশেদ আলী সাহিত্য ম্যাগাজিন ‘শেওড়া’ এর সম্পাদক। তাঁর সম্পাদিত কাব্যগ্রন্থ ‘নীলাকাশ’ ২০০৮ সালে প্রকাশিত হয়। এছাড়া তিনি ‘ষোল পদ্মের সরোবর’ যৌথ কাব্যগ্রন্থেরও একজন লেখক। শিল্প-সংস্কৃতির প্রতিও তাঁর রয়েছে গভীর অনুরাগ। তিনি সিলেট জেলা শিল্পকলা একাডেমি থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি চিত্রকলা কোর্স সম্পন্ন করেন।

২০১৮ সালের অক্টোবরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করা রাশেদ আলী শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, সৃজনশীলতা ও অবদানের স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ২০১২ সালে এমসি কলেজ, সিলেট থেকে প্রাণিবিদ্যা বিভাগে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষাঙ্গন, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।