• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম


হবিগঞ্জ-১ আসনে এনসিপির তরুণ প্রার্থী দুর্জয় দাশ গুপ্ত

আপডেট টাইম: November 14, 2025 8:49 pm



হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই সামনে আসছে, ততই জমে উঠছে মাঠের রাজনীতি। সম্ভাব্য প্রার্থী, দলীয় মনোনয়ন আর ভোটারদের আগ্রহ- সব মিলিয়ে পুরো জনপদ এখন নির্বাচনী বিশ্লেষণে ব্যস্ত সময় পার করছে। এই আসনে এবার নতুন আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তরুণ মুখ দুর্জয় দাশ গুপ্ত।

গত ১২ নভেম্বর দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করে তিনি এনসিপির প্রার্থীতা দৌড়ে আনুষ্ঠানিকভাবে নাম লেখান।

দলের তরুণ প্রজন্মের সক্রিয় রাজনীতিবিদ হিসেবে দুর্জয় জানান- দল আমাকে মনোনয়ন দিলে হবিগঞ্জ-১ আসন জনগণের ভালোবাসায় জয় করে দলের জন্য উপহার দিতে পারবো।

দুর্জয় দাশ গুপ্ত শুধু রাজনৈতিক পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, দ্যা রেড জুলাই হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব, এবং নবীগঞ্জ-বাহুবল অঞ্চলে তৃণমূল পর্যায়ে কাজের জন্য ব্যাপকভাবে পরিচিত।

আন্দোলন-সংগঠনের কঠিন সময়কে স্মরণ করে তিনি বলেন- আমরা যারা জুলাই আন্দোলনে রাস্তাকে ঘর বানিয়েছি, যারা স্বৈরাচারের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়েছি- তাদের দোয়া ও দিকনির্দেশনাই আমাকে এগিয়ে যেতে সাহস দেয়।

এনসিপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দুর্জয় দাশ গুপ্ত আরও জানান- অবহেলিত জনপদের উন্নয়ন, দেশ ও মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও আশির্বাদ চাই।

এদিকে রাজনৈতিক মহল বলছে, হবিগঞ্জ- ১ আসনে বড় দলগুলোর পাশাপাশি এনসিপির তরুণ প্রার্থী দুর্জয় আলোচনায় জায়গা করে নিয়েছেন। বিশেষ করে নবীগঞ্জ- বাহুবলের তরুণ ও প্রগতিশীল ভোটারদের মধ্যে তার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।

নির্বাচনী মাঠে এখন প্রশ্ন- তরুণ তরঙ্গ কি এবার হবিগঞ্জ-১ আসনে নতুন ইতিহাস রচনা করবে? এদিকে দুর্জয় দাশ গুপ্ত মনোনয়ন পেলে প্রতিদ্বন্দ্বিতা হবে নিশ্চিতভাবেই আরও জমজমাট- এমনটাই বলছে রাজনৈতিক অঙ্গনের বিশ্লেষকরা।