• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০০ এএম


হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের কান্ডারী কে? গুঞ্জনে সরগরম বিএনপি মহল

আপডেট টাইম: November 4, 2025 6:17 pm




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। তবে হবিগঞ্জ জেলার চারটি আসনের মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনটি এখনো “ওয়েটিং” তালিকায় রয়েছে। আর এ নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা ও গুঞ্জন।

দলের বিভিন্ন সূত্রে জানা গেছে, এ আসনে আবারও বাংলাদেশী অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া মনোনয়ন পেতে পারেন। এমন খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসছে তৃণমূল বিএনপি। তাদের অভিযোগ, গত নির্বাচনের পর থেকে তিনি মাঠে সক্রিয় ছিলেন না, কোনো আন্দোলন-সংগ্রামেও অংশ নেননি।

অন্যদিকে, সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার নাম উঠে আসছে জোরালোভাবে। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিনের ত্যাগী এই নেতাই মাঠের উপযুক্ত প্রার্থী। তার অনুসারীরা দাবি করছেন- তিনি দলের জন্য সবকিছু ত্যাগ করে নবীগঞ্জ-বাহুবলে মানুষের পাশে থেকেছেন।

এদিকে সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরীকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আনা হচ্ছে। কেউ কেউ বলছেন, এই ওয়েটিং তালিকাটি আসলে একটি ‘চূড়ান্ত চমক’-এর ইঙ্গিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হবিগঞ্জ-১ আসনটি বিএনপির জন্য “পরীক্ষার মাঠ”। এখানে ত্যাগী নেতার চেয়ে হাইব্রিড রাজনীতিককে অগ্রাধিকার দিলে তৃণমূলের ভরসা হারাতে পারে দল।

এখন প্রশ্ন একটাই- ধানের শীষ হাতে কে আসবেন?
উত্তর মিলবে হয়তো খুব শিগগিরই, তবে নবীগঞ্জ-বাহুবলের রাজনীতি ইতিমধ্যেই উত্তপ্ত!