• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম


১৯ দিনে শাহজালাল (রহ.) এর মাজারে দান ৪৭ লাখ টাকা

আপডেট টাইম: July 11, 2026 8:19 pm




ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক:

সিলেটের হজরত শাহজালাল (রহ.)–এর মাজারের দানবাক্স ও ঐতিহাসিক দানের ডেগে ১৯ দিনে জমা হয়েছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে এই অর্থ গণনা করা হয়েছে। শনিবার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দিনব্যাপী গণনা শেষে এ তথ্য নিশ্চিত করে মাজার ব্যবস্থাপনা কমিটি।

শনিবার সকাল ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় সিলগালা করা দানবাক্স ও ডেগ খুলে চার বস্তা টাকা বের করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং মাজারের আর্থিক ব্যবস্থাপনা–সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির সদস্যদের উপস্থিতিতে মাজার মাদ্রাসার শিক্ষার্থীরা টাকা গণনায় অংশ নেন। এ সময় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবারের গণনায় বড় মূল্যমানের নোটের আধিক্য থাকলেও এবার ১০ ও ৫০ টাকার মতো ছোট নোটের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। গণনা শেষে পুরো অর্থ সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা নির্ধারিত হিসাবে জমা রাখা হবে।

এর আগে গত ২২ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেতৃত্বে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্স ও ডেগের টাকা গণনা করা হয়। তখন মাত্র চার দিনে জমা হয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ কমিটির তত্ত্বাবধানে প্রকাশ্যে অর্থ গণনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।