• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম


৯.৬ ডিগ্রিতে কাঁপছে মৌলভীবাজার, চরম দুর্ভোগে চা-শ্রমিক ও হাওরপাড়ের মানুষ

আপডেট টাইম: January 1, 2026 1:52 pm




ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক: কনকনে শীত, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের জনজীবন। বৃহস্পতিবার ভোর ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জেলার ৯২টি চা-বাগানের চা-শ্রমিক পরিবার, হাওরাঞ্চলের বাসিন্দা ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। খোলা হাওর এলাকায় হিমেল হাওয়ার সরাসরি আঘাতে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে ভোরেই কাজে বের হতে হচ্ছে অনেককে। সামান্য উষ্ণতার জন্য গ্রাম ও শহরে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে মানুষজনকে।

চা-শ্রমিক উর্মিলা উড়াং বলেন, বাচ্চাদের নিয়ে শীতে খুব কষ্টে দিন যাচ্ছে। শীতের পোশাক কেনার সামর্থ্য নেই।
কৃষক মুখোন্দ সরকার জানান, রোদ না উঠলে হাওর এলাকায় চাষাবাদ করা কঠিন হয়ে পড়ে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া জানান, ইতোমধ্যে পাঁচ হাজার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়ন ও পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করা হবে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, তাপমাত্রা আরও কমতে পারে। দ্রুত শীতবস্ত্র বিতরণ জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।