• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম


নবীগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড

আপডেট টাইম: March 3, 2025 5:23 pm




নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ঐ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়, সারাদেশের ন্যায় পবিত্র রমজান মাসে নবীগঞ্জ শহরে সিন্ডিকেটের মাধ্যমে বোতলজাত সয়াবিন তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অধিকমূল্যে বিক্রির অভিযোগ ওঠে। এতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। এরই প্রেক্ষিতে দুপুরে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে শহরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে- প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ওসমানী রোডের আল-বারাকা এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা, বানী স্টোরকে ১৫ হাজার, বেনু স্টোরকে ১০ হাজার টাকা ও ফ্রিজে রাখা পুরাতন গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে ভাই-ভাই কসাইখানাকে ৫ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে বানিয়াচং সেনাবাহিনীর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন সহকারে একদল সেনা সদস্য সহযোগীতা করেন।

গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন- বাজার নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।