• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম


হাইওয়ে পুলিশের চেকপোস্টে ৮ লাখ টাকার চোরাই মাল উদ্ধার

আপডেট টাইম: September 21, 2025 10:46 pm




সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় আবারও মিলল হাইওয়ে পুলিশের সাফল্য। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৩০ মিনিটে ইনস্পেক্টর সঞ্জয় চক্রবর্তী তাঁর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আটক করেন ঢাকাগামী একটি খোলা পিকআপ (সিলেট মেট্রো-ন ১১-০৮৫৯)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুনামগঞ্জের মো. বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর এলাকার মঞ্জিল মিয়ার ছেলে গাড়ির চালক মোঃ নবী হোসেন স্বীকার করেন যে পিকআপে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় তৈরি Clop-G (Clobetasol propionate Gentamicin cream) নামক নিষিদ্ধ ওষুধ বহন করা হচ্ছিল।

এসময় পুলিশ তাঁর হেফাজত থেকে ৬,০০০ পিস ওষুধ এবং ভারতীয় তৈরি ফুচকা ১৫ বস্তা (৭৫০ কেজি) উদ্ধার করে। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় চোরাকারবারি চক্রগুলোকে ধরতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হলে চোরাই পণ্য প্রবাহ অনেকাংশে রোধ করা সম্ভব হবে। হাইওয়ে পুলিশের এই সাফল্য স্থানীয় জনমনে স্বস্তি ও আস্থা বাড়িয়েছে।