• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম


নবীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট টাইম: October 13, 2025 8:27 pm




হবিগঞ্জের নবীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কন্যাশিশুরা আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা। তাদের শিক্ষার সুযোগ, নিরাপত্তা ও সঠিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। বর্তমানে কন্যাশিশুরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিচ্ছে। তাদের প্রতি বৈষম্য না করে সুযোগ দিলে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে।”

তিনি আরও বলেন, “জাতীয় কন্যাশিশু দিবসের মূল প্রতিপাদ্য আমাদের স্মরণ করিয়ে দেয়- প্রত্যেক কন্যাশিশুই সম্মান, নিরাপত্তা ও ভালোবাসার অধিকারী। তাই পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে কন্যাশিশুর অধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি ও উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমদ প্রমুখ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রেখেছেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী। এছাড়াও সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তরুণ নারী সদস্যরা অংশগ্রহণ করেন।