

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তরিকতা ও শ্রদ্ধার আবহে অনুষ্ঠিত হয়েছে সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে বিদায় জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মির্জা মোহাম্মদ সাইজুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান এবং সাতগাঁও হাইওয়ে থানার নবনিযুক্ত ওসি শুভরঞ্জন চাকমা।
প্রধান অতিথি তার বক্তব্যে বিদায়ী ওসি মোঃ সাইফুর রহমানের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতার উচ্চ প্রশংসা করেন। তিনি বলেন, “একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাজ শুধু আইন প্রয়োগ নয়, বরং মানুষের আস্থা অর্জন করাই প্রকৃত সাফল্য- সাইফুর রহমান সেই উদাহরণ।”
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী ওসিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে পুলিশ সুপার নবনিযুক্ত ওসিসহ উপস্থিত সদস্যদের উদ্দ্যেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের সেবার মানোন্নয়ন ও পেশাগত সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সন্ধ্যার পর শুরু হওয়া এ অনুষ্ঠানে থানার কর্মকর্তা-কর্মচারী ও ফোর্সের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা ও সমন্বয় করেন থানার কর্মকর্তারা। শেষে বিদায়ী ওসি মোঃ সাইফুর রহমানের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সাফল্য কামনা এবং নবাগত ওসি শুভরঞ্জন চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
