

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের তৎপরতায় আবারও আটক হলো বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও প্রসাধনী সামগ্রী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, হাইওয়ে থানার এসআই তমাল সরকার সঙ্গীয় ফোর্সসহ ঢাকামুখী এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান (রেজিঃ নং ঢাকা মেট্রো অ-১৩-১০০২) কে সন্দেহভাজন মনে করে সিগন্যাল দেন। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে পাওয়া যায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কিটক্যাট, স্নিকার্স, প্যাট্রন, স্কিনশাইনসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের চকলেট ও প্রসাধনী সামগ্রী।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৬০ হাজার ১৬০ টাকা। অভিযানকালে কাভার্ড ভ্যানের চালক আব্দুর রহিম (৪০), পিতা মৃত বাচ্চু মিয়া, গ্রাম মহব্বতপুর, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী এবং হেলপার সৌরভ (১৯), পিতা আইয়ুব আলী শেখ, গ্রাম কদমআলি মাতব্বর কান্দি, থানা জাজিরা, জেলা শরীয়তপুর- দুজনকেই আটক করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন- হাইওয়ে পুলিশ এখন শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ বা দুর্ঘটনা প্রতিরোধেই সীমাবদ্ধ নয়। আমরা জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্তকারী অবৈধ পণ্য প্রবাহ রোধেও প্রতিনিয়ত কাজ করছি। শায়েস্তাগঞ্জের আজকের অভিযান সেই দায়িত্ববোধেরই স্পষ্ট প্রমাণ।
তিনি আরও বলেন, পাচারচক্রের মূল উৎস শনাক্তে তদন্ত চলছে এবং হাইওয়ে পুলিশের নজরদারি আরও জোরদার করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল হাইওয়ে পুলিশের এ উদ্যোগকে প্রশংসা করে বলছেন-যেভাবে হাইওয়ে পুলিশ মাঠে কাজ করছে, তাতে সড়কপথে অবৈধ পণ্যের প্রবাহ অনেকটাই কমে আসবে।
