• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম


ব্যারিস্টার এম. লিয়াকত আলীর সংবর্ধনায় আনন্দোৎসব

আপডেট টাইম: October 27, 2025 1:12 am



নিজের শেকড়ের প্রতি অনন্ত টান, প্রিয় শিক্ষাঙ্গনের প্রতি শ্রদ্ধা- এই অনুভূতির প্রকাশ ঘটলো আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাঙ্গণে। রবিবার সকালটা ছিল অন্য দিনের চেয়ে ভিন্ন। বিদ্যালয়জুড়ে ছিল সাজসজ্জা, মুখরিত ছিল হাসি-আনন্দে। সাবেক কৃতি শিক্ষার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি ব্যারিস্টার এম. লিয়াকত আলীকে সংবর্ধনা জানায় তাঁর প্রিয় প্রতিষ্ঠান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী প্রভাষক আবু বক্করের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- প্রভাষক মোজাহিদুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, কমিটির সদস্য আব্দুস সামাদ আজাদ, বিএনপি নেতা আলম মোহাম্মদ, জেলা কৃষক দলের সদস্য সজলু তালুকদার, এবং লিয়াকত আলী ফাউন্ডেশনের সমন্বয়ক আব্দুল আজিজসহ আরও অনেকে। একপর্যায়ে শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথির হাতে।

এ সময় বক্তারা বলেন- ব্যারিস্টার এম. লিয়াকত আলী শুধু একজন কৃতী প্রাক্তন শিক্ষার্থী নন, তিনি এই বিদ্যালয়ের গর্ব। সমাজ ও মানবকল্যাণে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

বক্তব্যে ব্যারিস্টার এম. লিয়াকত আলী বলেন, এই বিদ্যালয়ের প্রতি আমার গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা রয়েছে। এখান থেকেই শিখেছি মানুষ ও সমাজের প্রতি দায়িত্ববোধ। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।

সংবর্ধনা শেষে লিয়াকত আলী ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার বিতরণ করা হয়। প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রসারে তিনি বলেন- ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই।