

বলিউড সুপারস্টার শাহরুখ খান আজ ৬০ বছর পূর্ণ করলেন। প্রতি বছরের মতো এবারও ভোর থেকেই তার বাড়ি ‘মান্নাত’-এর বাইরে হাজার হাজার ভক্ত জড়ো হন তাদের প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায়। কিন্তু এবারের জন্মদিনে ভক্তদের জন্য কিছুটা হতাশার খবর— শাহরুখ খান এ বছর মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানাননি।
সূত্র অনুযায়ী, মান্নাতে বর্তমানে সংস্কারের কাজ চলছে, যার ফলে নিরাপত্তা জনিত কারণে ভিড় নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়। পুলিশ ভিড় ছত্রভঙ্গ হতে অনুরোধ জানায়।
শাহরুখ খান নিজেই X (পূর্বে টুইটার)-এ একটি পোস্টে লেখেন,
“কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে আমি বাইরে এসে ভক্তদের শুভেচ্ছা জানাতে পারব না। আপনাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এটি সম্পূর্ণভাবে সকলের নিরাপত্তার স্বার্থে নেওয়া একটি পদক্ষেপ।”
তবে ভক্তদের জন্য সুখবরও রয়েছে। শাহরুখ খানের অফিশিয়াল ফ্যান ক্লাবের উদ্যোগে আজই মুম্বাইয়ের বান্দ্রার বাল গন্ধর্ব রঙ মন্দির মিলনায়তনে একটি বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেখানে কিং খান নিজে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
যদিও মান্নাতের বাইরে অপেক্ষারত ভক্তরা কিছুটা হতাশ, তবুও সোশ্যাল মিডিয়ায় শাহরুখ ভক্তদের শুভেচ্ছা, বার্তা ও ভিডিওতে ভরে গেছে।
৬০-এ পা দিয়েও তার জনপ্রিয়তা প্রমাণ করে যে — শাহরুখ খান এখনও কোটি ভক্তের হৃদয়ের ‘বাদশা’। ❤️
