

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে।
শনিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় “গাছ লাগান, অন্যকে লাগাতে উৎসাহিত করুন- পরিবেশ বাঁচান, সবুজ বাংলা গড়ুন” স্লোগানকে সামনে রেখে প্রায় দেড় শতাধিক চারা বিতরণ করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী মানবতার ফেরিওয়ালা ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মতিনের অর্থায়নে আয়োজিত এই কর্মসূচি পরিচালিত হয় মনোমুগ্ধকর পরিবেশে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাউদপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার মো. মুজিবুর রহমান।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তবারুক বেগম, সহকারী শিক্ষক আজাদুর রহমান ও মাহমুদা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক মেম্বার তরাজ মিয়া। প্রধান বক্তা ছিলেন ইন্সপায়ার ফাউন্ডেশন নবীগঞ্জ (বাংলাদেশ)-এর পরিচালক বুলবুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী মো. মুজিবুর রহমান ভূঁইয়া, সাংবাদিক জুয়েল আহমদ এবং এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী আনহার মিয়া, শামসুজ্জামান ও আফজল মিয়া।
অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা তবারুক বেগম বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ফাউন্ডেশনের উদ্যোগকে ধন্যবাদ জানান। প্রধান বক্তা বুলবুল আহমেদ বলেন, “শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় আমরা আগেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।”
সমাপনী বক্তব্যে সভাপতি মুজিবুর রহমান বলেন, “আমি এই বিদ্যালয়ের সন্তান। তাই এর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় ইন্সপায়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মতিনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। ফাউন্ডেশন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”
পরিশেষে উপস্থিত সকলকে ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
