

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়া মো. রায়হান আহমদ তালুকদারের অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় তাকে নিজ পদে বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
গত ২৭ নভেম্বর মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক মো. মারুফ আহমদ এই বিষয়টি অনুমোদন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় একাধিক সূত্র জানায়, ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকারের ভিত্তিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, সাংগঠনিক সম্পাদক (দপ্তর সম্পাদকের দায়িত্বে) মো. কাজল মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংবাদটি আনুষ্ঠানিকভাবে প্রচার করেন।
প্রেস বিজ্ঞপ্তির অনুলিপি অবগতির জন্য মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক জনাব ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের নিকট প্রেরণ করা হয়েছে।
