

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বিএনপিতে যোগদানের মাত্র তিন দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে আরও ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় হবিগঞ্জ-১ আসনের প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়ার নাম আসে।
এর আগে গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন ড. রেজা কিবরিয়া। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।
বিএনপিতে যোগ দিয়েই স্বল্প সময়ে প্রার্থীত্ব পাওয়াকে কেন্দ্র করে হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় দলীয় নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জোরালো প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
ক্রিয়েটিভ নিউজ২৪/ফাহাদ
