• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম


শেরপুরে ৬০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও শাড়ি উদ্ধার, আটক ৩

আপডেট টাইম: December 6, 2025 10:58 pm



মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও শাড়ির চোরাচালানসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

এ সময় ট্রাকসহ তিনজন চোরাকারবারিকে আটক করা হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর গোলচত্বর এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-২০-৪৩৭৭ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে ট্রাকের ওপরের পাথরের স্তরের নিচে সুচতুরভাবে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও শাড়ি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলা সদরের শিদান্তবল এলাকার আব্দুল জলিলের ছেলে মোঃ আবু হোসেন (৪৭), একই জেলার শিবগঞ্জ এলাকার নুর আলমের ছেলে মোঃ জাহাঙ্গীর (২৫) এবং সিলেট জেলার জৈন্তাপুর থানার হাউদপাড়া, হরিপুর এলাকার সমছুল উদ্দিনের ছেলে ইসমাইল আলী কাউসার (২০)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা ভারতের সীমান্তবর্তী জৈন্তাপুর এলাকা দিয়ে চোরাই পথে এসব পণ্য এনে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ বিষয়ে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন, “চোরাচালান চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(খ) ও ২৫-ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।