

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিনের নির্বাসিত সময়ের অবসান ঘটিয়ে বাংলাদেশের আকাশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকালে তাকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে- যা দেশের রাজনীতিতে এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
দেশে ফেরার ঠিক আগমুহূর্তে, সকাল ৯টা ৩৪ মিনিটে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন তারেক রহমান। ছবির ক্যাপশনে তিনি লেখেন- “দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!” একটি সংক্ষিপ্ত অথচ আবেগঘন বার্তায় ফুটে ওঠে দীর্ঘ প্রবাসজীবনের অপেক্ষা, প্রত্যাবর্তনের অনুভূতি এবং সময়ের ভার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত বা দলীয় নয়; বরং দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় এর প্রতীকী গুরুত্ব রয়েছে। দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির সাংগঠনিক গতিশীলতা ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসমানী বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। দলীয় নেতাকর্মীদের মধ্যেও লক্ষ্য করা গেছে প্রত্যাশা ও উচ্ছ্বাস।
৬ হাজার ৩১৪ দিনের দূরত্ব পেরিয়ে দেশের আকাশে ফিরে আসা- এই মুহূর্তটি রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের মনেও নতুন প্রশ্ন, নতুন আলোচনা এবং নতুন প্রত্যাশার জন্ম দিচ্ছে।
