• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম


নবীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট টাইম: January 3, 2026 4:55 pm



ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক: নবীগঞ্জে এক মুহূর্তের অসাবধানতায় নিভে গেল তিন বছরের এক শিশুর প্রাণ। পুকুরের পানিতে ডুবে তাকরিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামে ঘটে হৃদয়বিদারক এ ঘটনা।

নিহত তাকরিম ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতোই সকালবেলা বাড়ির আশপাশে খেলছিল তাকরিম। পরিবারের সদস্যরা তখন নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে সবার অজান্তেই শিশুটি বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়।

কিছু সময় পর তাকরিমকে দেখতে না পেয়ে পরিবারের মধ্যে শুরু হয় উৎকণ্ঠা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায় শিশুটির নিথর দেহ। দ্রুত উদ্ধার করে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার আহমেদ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এদিকে একটি শিশুর এমন আকস্মিক মৃত্যুতে শেরপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা।