• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম


মৌলভীবাজারের চার আসনে নির্বাচনী লড়াইয়ে থাকছেন ২৬ জন

আপডেট টাইম: January 3, 2026 6:17 pm




রিপন মিয়া, মৌলভীবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাই শেষে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, বিভিন্ন ত্রুটি ও অসম্পূর্ণতার কারণে স্বতন্ত্রসহ মোট ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল।

বাছাই শেষে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বৈধ প্রার্থী ৭ জন। এখানে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের পাশাপাশি দুইজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে থাকছেন।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ৫ জন প্রার্থীর। এই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টি ও খেলাফত মজলিসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

অন্যদিকে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, বাসদ, জাতীয় নাগরিক পার্টি ও স্বতন্ত্র প্রার্থী।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—
এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও তালিকাগত ত্রুটি, রিটার্নিং অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়া এবং ফরম পূরণে অনিয়মের অভিযোগে বিভিন্ন আসনের ৫ জন প্রার্থী।

জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল বলেন, “যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং যাদের মনোনয়ন বাতিল হয়েছে- উভয় পক্ষই আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।”

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মৌলভীবাজার জেলার চারটি আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৫ জন বাদ পড়লেও বাকি ২৬ জন প্রার্থীকে নিয়ে জমে উঠছে জেলার নির্বাচনী মাঠ।