• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম


বড়লেখায় হরিনাম লীলা কীর্ত্তনে মিলনমেলা, ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

আপডেট টাইম: January 17, 2026 8:07 pm



আলী উবায়েদ ইমন, বড়লেখা:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী হরিনাম লীলা কীর্ত্তন মহোৎসব। ভক্তি, মানবিকতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণবাগ ইউনিয়নের গাংকুল গ্রামে হাজারো ভক্তের উপস্থিতিতে দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়।

স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত মহোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কীর্ত্তনীয়া দল অংশগ্রহণ করে। নামসংকীর্তন, ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ভক্তদের হৃদয়ে ভক্তি ও নৈতিকতার আলো জ্বালিয়ে দেয় এই মহোৎসব। কীর্ত্তনের সুরে সুরে পুরো এলাকা পরিণত হয় এক অনন্য ধর্মীয় মিলনমেলায়।

মহোৎসবকে ঘিরে গাংকুল গ্রামসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ আয়োজনকে করে তোলে আরও অর্থবহ। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে আয়োজক কমিটির পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, দক্ষিণবাগ পূজা কমিটির সভাপতি বিজয় দাস, কীর্ত্তন কমিটির সভাপতি নিত্য দাস, সহ-সভাপতি সুমন কপালি, সিপন দাস, দীপংকর দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে শান্তির বার্তা পৌঁছে দিতেই প্রতিবছরের ন্যায় এ বছরও শ্রী শ্রী হরিনাম লীলা কীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।