• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম


ডামি, নিশিরাত, ভোট চুরি- ১৫ বছরে নির্বাচনের নামে তামাশা: তারেক রহমান

আপডেট টাইম: January 22, 2026 6:53 pm




মোঃ ফাহাদ আহমদ ও রিপন মিয়া:

স্লোগান, ব্যানার আর খণ্ড খণ্ড মিছিলে উত্তাল শেরপুরের আইনপুর খেলার মাঠ। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে মৌলভীবাজার যেন পরিণত হয়েছে এক বিশাল রাজনৈতিক মিলনমেলায়। হাজারো নেতাকর্মীর ভিড়ে মাঠ ছাপিয়ে আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “গত ১৫ থেকে ১৬ বছরে দেশে নির্বাচনের নামে তামাশা হয়েছে। ডামি নির্বাচন, নিশিরাতের নির্বাচন আর ভোট চুরির নির্বাচন- একটির পর একটি নাটক হয়েছে। জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি।”

তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট জনগণের আন্দোলনে স্বৈরাচার বিদায় নিয়েছে। তারা শুধু ভোটের অধিকার নয়, মানুষের কথা বলার অধিকারও কেড়ে নিয়েছিল। প্রতিবাদ করলেই গুম, মামলা, হত্যা- এমন হাজারো ঘটনা ঘটেছে।”

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকা থেকে সিলেট আসতে ৮-১০ ঘণ্টা লাগে। লন্ডন যেতে এত সময় লাগে না। এই হচ্ছে তাদের উন্নয়নের নমুনা।” রাস্তাঘাট, স্কুল-কলেজ ও হাসপাতালের বেহাল অবস্থার কথাও তুলে ধরেন তিনি।

তারেক রহমান বলেন, ২০০১-২০০৬ সালে বিএনপি সরকারের সময় মৌলভীবাজারসহ সিলেট অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছিল। কিন্তু ২০০৮ সালের পর ষড়যন্ত্রের মাধ্যমে সেই ধারা বন্ধ হয়ে যায়। “যেখানে ভোট নেই, কথা বলার অধিকার নেই- সেখানে উন্নয়নও নেই,” বলেন তিনি।

তিনি বলেন, “৭১ ছিল স্বাধীনতা অর্জনের আন্দোলন, আর ২০২৪ সালের ৫ আগস্ট হলো স্বাধীনতা রক্ষার আন্দোলন।” গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “দেশের মালিক জনগণ। ধানের শীষই পারে মানুষের অধিকার ফিরিয়ে দিতে।”

বেকার যুবকদের উদ্দেশে তিনি বলেন, “আই হ্যাভ এ প্ল্যান- শিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব।” তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে নারী সমাজের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।

সবশেষে তিনি বলেন, “লক্ষ-কোটি জনতাই বিএনপির শক্তি। করবো কাজ, গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ।”

এর আগে সিলেটের জনসভা শেষে দুপুরে তিনি মৌলভীবাজারে পৌঁছালে মাঠজুড়ে স্লোগানে ফেটে পড়ে জনতা। দীর্ঘ সময় ধরে নেতাকর্মীরা তার বক্তব্যের অপেক্ষায় মাঠে অবস্থান করেন। স্থানীয় নেতারা বলছেন, এই জনসভা শুধু একটি কর্মসূচি নয়- এটি মানুষের প্রত্যাশার বহিঃপ্রকাশ।