• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৫ এএম


মৌলভীবাজার-৩ আসনে নতুন মেরুকরণ: ত্রিমুখী লড়াইয়ের জটিল হিসাব

আপডেট টাইম: January 31, 2026 9:22 pm



মোঃ ফাহাদ আহমদ ও রিপন মিয়া: 

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের নির্বাচনী রাজনীতিতে হঠাৎ করেই দৃশ্যমান পরিবর্তন এসেছে। দীর্ঘ অনিশ্চয়তা ও নীরবতার পর জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী এম. আব্দুল মান্নানের আনুষ্ঠানিক প্রচারণায় নামা এই আসনের নির্বাচনী সমীকরণ নতুন করে সাজিয়ে দিয়েছে। এতে করে এতদিন যে আসনটি তুলনামূলকভাবে স্থবির ছিল, সেখানে এখন স্পষ্ট রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।

জেলা জামায়াতের একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে, ১০ দলীয় জোট কৌশলগতভাবে মৌলভীবাজার-৩ আসনটি ‘উন্মুক্ত’ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর অর্থ- এই আসনে কোনো একক প্রার্থীর পক্ষে জোটগত চূড়ান্ত অবস্থান না নিয়ে একাধিক প্রার্থীকে মাঠে থাকার সুযোগ দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত একদিকে যেমন দলের ভেতরের জনপ্রিয়তার বাস্তব প্রতিফলন, অন্যদিকে ভোটের শেষ হিসাব পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল হিসেবেও দেখা যেতে পারে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী আনুষ্ঠানিকভাবে আসন উন্মুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেন। তার এই ঘোষণার মধ্য দিয়ে গত কয়েকদিন ধরে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটে। একই সঙ্গে জামায়াতের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে জমে থাকা প্রত্যাশারও প্রকাশ ঘটে।

এম. আব্দুল মান্নানের প্রার্থিতা ঘিরে আগেই এলাকায় ব্যাপক আলোড়ন লক্ষ্য করা যায়। গত ২২ জানুয়ারি তাকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখেন কর্মী-সমর্থক ও সাধারণ ভোটাররা। স্থানীয়ভাবে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কারণেই তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি বলে রাজনৈতিক মহলের ধারণা। এই ঘটনাটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, মান্নান কেবল দলীয় প্রার্থী নন, বরং ব্যক্তিগত জনপ্রিয়তাও এই আসনে বড় একটি ফ্যাক্টর।

শনিবার বিকেলে প্রেসক্লাব মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তার বিশাল শোডাউন সেই জনপ্রিয়তারই দৃশ্যমান প্রকাশ। আগামী ৭ জানুয়ারি জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে আয়োজিত মিছিলের মধ্য দিয়ে মান্নান কার্যত তার নির্বাচনী মাঠে নামার বার্তা দেন।

বর্তমানে আসনটি উন্মুক্ত থাকায় ১০ দলীয় জোট থেকে দুইজন প্রার্থী—আহমদ বেলাল ও এম. আব্দুল মান্নান- নির্বাচনী দৌড়ে রয়েছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে আছেন নাসের রহমান। একই রাজনৈতিক বলয়ের একাধিক প্রার্থী এবং ধানের শীষের প্রার্থীর উপস্থিতি মৌলভীবাজার-৩ আসনকে স্পষ্টভাবে ত্রিমুখী লড়াইয়ের দিকে ঠেলে দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ত্রিমুখী লড়াইয়ে ভোট বিভাজনের সম্ভাবনা সবচেয়ে বড় বিষয়। ১০ দলীয় জোটের ভেতরে ভোট ভাগ হয়ে গেলে তার সরাসরি সুবিধা নিতে পারে বিএনপি প্রার্থী। আবার শেষ মুহূর্তে জোটগত সমঝোতা বা জনমতের হঠাৎ কোনো ঢেউ পুরো হিসাব পাল্টে দিতে পারে। ফলে এই আসনের ফলাফল এখনো অনিশ্চিত, তবে নিশ্চিতভাবে বলা যায়- মৌলভীবাজার-৩ এবার জেলার অন্যতম আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে পরিণত হতে যাচ্ছে।