

ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক:
‘এমপির দরকার নেই; আমরা মন্ত্রী চাই’- এই ব্যতিক্রমী স্লোগানকে সামনে রেখেই হবিগঞ্জ-১ আসনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোটে তার এই জয়ের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা- তিনি কি হচ্ছেন নতুন সরকারের সম্ভাব্য অর্থমন্ত্রী?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও দলটির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া পেয়েছেন ৩৪ হাজার ৪৬২ ভোট। ভোটের এই বড় ব্যবধান রাজনৈতিক মহলে রেজা কিবরিয়ার অবস্থানকে আরও শক্ত করেছে।
নির্বাচনের শেষ দিনের প্রচারণা সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য জি কে গউছ জানান, দলীয় চেয়ারম্যান তারেক রহমান তাকে ব্যক্তিগতভাবে বলেছেন, “রেজাকে আমাদের প্রয়োজন। দলের প্রতিটি কর্মী যেন তার পক্ষে কাজ করে।” এই বক্তব্যের পর থেকেই রেজা কিবরিয়ার মন্ত্রী হওয়ার আলোচনা আরও জোরালো হয়ে ওঠে।
এর আগে বিএনপিতে যোগদানের দিন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, রেজা কিবরিয়ার যোগদান শুধু তার নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশেই ইতিবাচক প্রভাব ফেলবে। তার মেধা ও দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হবে বলেও মন্তব্য করেন তিনি।
দলীয় সূত্র জানায়, অর্থনীতি বিষয়ে রেজা কিবরিয়ার দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং নীতি নির্ধারণে কাজের সক্ষমতাকে সামনে রেখেই তাকে বড় দায়িত্বে বিবেচনা করা হচ্ছে। তিনি দীর্ঘ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এ কর্মরত ছিলেন। এছাড়া পাপুয়া নিউগিনি ও কম্বোডিয়া সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক আর্থিক কাঠামো, ঋণ ব্যবস্থাপনা ও নীতি সংস্কারে তার বাস্তব অভিজ্ঞতাকে বিএনপি বিশেষ গুরুত্ব দিচ্ছে।
রাজনীতিতে তিনি আগে গণফোরামের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে গণঅধিকার সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পান এবং এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বৈদেশিক ঋণের চাপ, মুদ্রাস্ফীতি, রিজার্ভ সংকট ও রাজস্ব ঘাটতির মতো জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সরকারের একজন দক্ষ ও অভিজ্ঞ অর্থমন্ত্রী প্রয়োজন। সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা একজন পেশাদার অর্থনীতিবিদ হিসেবে রেজা কিবরিয়ার নাম এখন সবচেয়ে আলোচিত।
সব মিলিয়ে, নির্বাচনী মাঠে ‘মন্ত্রী চাই’ স্লোগান শুধু রাজনৈতিক প্রচারণায় সীমাবদ্ধ থাকছে না; বরং বাস্তব সম্ভাবনার দিকেই এগোচ্ছে- এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
