

মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আসা ৩.৩ মেট্রিক টন (৩,৩০০ কেজি) অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ৮০ হাজার টাকা। এ সময় একটি ট্রাকসহ এক চালককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৩ মার্চ দিবাগত-রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পয়েন্টে ব্যারিকেড দিয়ে তল্লাশি চালানো হয়। সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-২৪-১০০৪) থামানোর সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ব্যারিকেড দিয়ে ট্রাকটি আটক করে।
আটককৃত চালক রবিউল ইসলাম (৩৭), পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা। তল্লাশিতে ট্রাক থেকে ১১০ বস্তা জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তার ওজন ৩০ কেজি। এছাড়া ট্রাকে ১৫০ ফুট বালুও পাওয়া যায়।
পুলিশ জানায়, জিরাগুলো সীমান্তবর্তী এলাকা থেকে চোরাইপথে দেশে এনে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। আটক ব্যক্তি জব্দকৃত পণ্যের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় ট্রাক থেকে আরেক ব্যক্তি পালিয়ে যায়। পালাতক আসামি হিসেবে জিসান (২৫) নামে একজনকে চিহ্নিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন- এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
