

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইনস ড্রিল শেডে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত সদস্যদের সমস্যাবলি, সেগুলোর সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
একই অনুষ্ঠানে মার্চ ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত মানদণ্ডে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
এ ছাড়া সদর মডেল থানার এসআই শিপু কুমার দাস শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই), সদর ট্রাফিকের বিশ্বজিৎ সামন্ত শ্রেষ্ঠ সার্জেন্ট এবং সদর মডেল থানার এএসআই মো. রানা মিয়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন।
চাঞ্চল্যকর একটি হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধারে অবদান রাখায় কুলাউড়া থানার এসআই মো. মুহিত মিয়াকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#ক্রিয়েটিভ নিউজ২৪/ফাহাদ/শিহাব উদ্দিন
