• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম


ভৈরবে চেকপোস্টে প্রাইভেট কার থামিয়ে ৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

আপডেট টাইম: April 23, 2026 10:00 pm



মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক:  

কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভৈরব সেতুর টোল প্লাজার কাছে ওজন স্কেলের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্টে ডিউটি চলাকালে একটি সিলভার রঙের প্রাইভেট কারকে থামানোর সংকেত দেওয়া হয়। গাড়ির যাত্রীরা প্রথমে কিছু না থাকার কথা বললেও তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি তল্লাশি করা হয়।

এ সময় গাড়ির পেছনের অংশে রাখা একটি চটের বস্তা থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।

আটক ব্যক্তিরা হলেন- আন্না বেগম (৫০), রকিব হোসেন (২৭) ও হালিমা বেগম (৩০)। তাঁদের সবার বাড়ি টাঙ্গাইল জেলায়। উদ্ধার করা মাদকদ্রব্যসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার এসএসআই মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।