• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম


নবীগঞ্জের দীঘলবাকে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম: April 27, 2026 9:09 pm



নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে বন্যার পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদার ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব-কর্তব্য নির্ধারণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে এ সভায় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় দীঘলবাক ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. ছালিক মিয়া এবং সঞ্চালনা করেন এফআইভিডিবির মাঠকর্মী শামীম মিয়া।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এফআইভিডিবির সিনিয়র কর্মকর্তা ইয়াছমিন খানম। তিনি বলেন, বন্যার আগাম পূর্বাভাসকে কাজে লাগিয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী সহায়তা পৌঁছে দেওয়া গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। একই সঙ্গে শক রেসপনসিভ সোশ্যাল প্রটেকশন (এসআরএসপি) কার্যক্রম দুর্যোগকালে দরিদ্র মানুষের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় আরও বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সচিব আক্তার হোসেন বিজয়, ইউপি কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম বাবুল, নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমানসহ ইউপি সদস্য মাহবুব আলম খছরু, খালেদ হাসান দুলন, ইউসূফ আলী, সোহান মিয়া, তোফাজ্জল হোসেন, আমিরুল ইসলাম, আকুল মিয়া ও সংরক্ষিত মহিলা সদস্য রেবা রানী সরকার।

সভায় সমাজকর্মী খলিলুর রহমান, এমদাদুল ইসলামসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং আগাম প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

#ক্রিয়েটিভ নিউজ২৪/ফাহাদ/মুজিব