• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম


যোগদানের এক সপ্তাহেই প্রত্যাহার মৌলভীবাজারের পুলিশ সুপার

আপডেট টাইম: May 15, 2026 9:31 pm



বিশেষ প্রতিনিধি:

যোগদানের এক সপ্তাহ না পেরোতেই মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। শুক্রবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক আদেশে তাঁকে দায়িত্ব হস্তান্তর করে শনিবারের মধ্যে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ মে সকালে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন রিয়াজুল ইসলাম। শুক্রবার অ্যাডিশনাল ডিআইজি মো. রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে জেলার দায়িত্ব অধস্তন কর্মকর্তার কাছে বুঝিয়ে দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে, রিয়াজুল ইসলামের প্রত্যাহারকে ঘিরে পুলিশ প্রশাসনের ভেতরে ও জেলায় নানা আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, আড়াই কোটি টাকার ঘুষের বিনিময়ে মৌলভীবাজারে এসপি পদে তাঁর নিয়োগের চুক্তি হয়েছিল। এর মধ্যে ২০ লাখ টাকা পরিশোধ করা হলেও বাকি অর্থ পরিশোধ নিয়ে জটিলতা তৈরি হয়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে কানাঘুষা শুরু হলে পুলিশ হেডকোয়ার্টার্স তাঁকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

রিয়াজুল ইসলাম অতীতে বুয়েট ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি বঙ্গ প্রকৌশল পরিষদের আজীবন সদস্য বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এ বিষয়ে জানতে পুলিশ সুপার রিয়াজুল ইসলামের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা বলেন, “পুলিশ সুপার প্রত্যাহারসংক্রান্ত একটি আদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এসেছে। তিনি দায়িত্ব বুঝিয়ে দিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।”

#ক্রিয়েটিভ নিউজ২৪/ফাহাদ