• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম


দারুল আজহার মডেল মাদরাসায় “বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৬” সম্পন্ন

আপডেট টাইম: May 20, 2026 4:08 pm



মৌলভীবাজার প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মাঝে সবুজায়নের গুরুত্ব তুলে ধরা এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশন মাদরাসার কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা শুয়াইবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মারুফ আহমেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী শিক্ষক মাওলানা নুরুল ইসলাম আপন, যিনি শেরপুর আবাসিক এলাকা জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, গাছ মানুষের জন্য মহান আল্লাহর বিশেষ নেয়ামত। বৃক্ষরোপণ ও পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ ইবাদতস্বরূপ কাজ এবং সাদাকায়ে জারিয়ার অংশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদরাসার অর্গানাইজিং কমিটির সদস্য এহিয়া আহমেদ। তিনি বলেন, বৃক্ষরোপণ পরিবেশের অক্সিজেনের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি গাছ মানুষকে পুষ্টিকর ফলমূল দিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে সহায়তা করে।

এ সময় বক্তব্য দেন মাদরাসার সহকারী পরিচালক ও শিক্ষক রবিউল ইসলাম সোহেলসহ অভিভাবক ও অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর আবাসিক এলাকা যুব সংঘের সাধারণ সম্পাদক মাসুম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ হোসাইন আহমদ, অভিভাবক রুবেল মিয়া, সামাক, জান্নাতুল, ইকবাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শিক্ষার্থী, অভিভাবক, দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন মাওলানা মারুফ আহমেদ ও সহসুপার মাওলানা সৈয়দ জাফর কল্লোল।

শেষে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এবং বাড়িতে সঠিকভাবে রোপণ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।