• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম


নবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম: June 1, 2026 9:44 pm



ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হেলেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামে স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। নিহতের পরিবারের দাবি, হেলেনা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ বসতঘরের দরজার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হেলেনা বেগমকে দেখতে পান স্বজনেরা। পরে খবর পেয়ে গোপলারবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত হেলেনা বেগম উপজেলার জালালসাপ গ্রামের শিপন মিয়ার স্ত্রী এবং বাবুল মিয়ার মেয়ে। জানা গেছে, এর আগে তাঁর একটি বিয়ে হয়েছিল। শিপন মিয়ার সঙ্গে এটি ছিল তাঁর দ্বিতীয় বিয়ে। এ সংসারে তাঁদের কোনো সন্তান ছিল না।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে নিহতের বাবা-মা এ দাবিকে প্রত্যাখ্যান করে ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেছেন।

গোপলারবাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শওকত আলী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।