• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আপডেট টাইম: June 21, 2026 6:13 pm



ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক:

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে আকস্মিকভাবে তাঁর পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে সিলেট থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে তাঁর প্রত্যাহারের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।

তবে সম্প্রতি সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের তহবিল ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসনের নেওয়া কয়েকটি পদক্ষেপকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। মাজারের ঐতিহ্যবাহী তিনটি ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপনকে ঘিরে স্থানীয় খাদেম, ভক্ত ও প্রশাসনের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল।

স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, ওই ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটেই তাঁর এ প্রত্যাহার হতে পারে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. সারওয়ার আলম এর আগে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে দেশজুড়ে পরিচিতি পান। ভেজাল ও দুর্নীতিবিরোধী তিন শতাধিক অভিযান পরিচালনার মাধ্যমে তিনি সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেন।

২০২০ সালের নভেম্বরে তাঁকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। ২০২৪ সালের আগস্টে উপসচিব পদে পদোন্নতি পাওয়ার পর সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর চুরির ঘটনায় প্রশাসনের সমালোচনার প্রেক্ষাপটে ২০২৫ সালের ১৮ আগস্ট তাঁকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মাঠ প্রশাসনে প্রায় ১০ মাস দায়িত্ব পালনের পর আবারও তাঁকে মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হলো।