• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম


শেরপুরে মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: নতুন পুলিশ ইনচার্জ

আপডেট টাইম: June 22, 2026 9:59 pm



মোঃ ফাহাদ আহমদ নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার সদর মডেল থানার অধীন শেরপুর পুলিশ ফাঁড়ির নবনিযুক্ত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেছেন, শেরপুর এলাকায় মাদক, জুয়া ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় শেরপুর পুলিশ ফাঁড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত পুলিশ কর্মকর্তাকে স্বাগত জানানো হয়। এ সময় সাংবাদিকেরা শেরপুর এলাকার মাদক, জুয়া, চোরাকারবার ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, শেরপুর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা অপরাধমুক্ত ও নিরাপদ শেরপুর গঠনে পুলিশের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জবাবে এসআই ওবায়দুল্লাহ বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান। জনগণের আস্থা অর্জন এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি কার্যক্রমের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সচেতন অংশগ্রহণ প্রয়োজন।

সভায় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ আজাদ, সহসভাপতি কাঞ্চন ভৌমিক, সাংবাদিক শেখ সাহেদ মিয়া, রিপন মিয়া, ফাহাদ আহমদ, জুবায়ের আহমদ, এহিয়া আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাসিন্দা এসআই ওবায়দুল্লাহ ২০২০ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর, সিলেটের ওসমানীনগর, গোয়াইনঘাট ও ফেঞ্চুগঞ্জ সব বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেছেন। গত ১৮ জুন ২০২৬ তিনি শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদান করেন।