• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম


নবীগঞ্জে অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

আপডেট টাইম: July 6, 2026 5:47 pm




নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সুধীজনের অংশগ্রহণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি ও জনস্বার্থ রক্ষায় দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। একই সঙ্গে তথ্য যাচাই ছাড়া কোনো কিছু প্রচার বা শেয়ার না করার আহ্বান জানানো হয়।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ) কর্মকর্তা সাকিল আহমেদ সভা পরিচালনা করেন।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি বয়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার ও ছনি আহমেদ চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, নবীগঞ্জ কলেজের প্রভাষক রেজাউল আলম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আবুল হোসেন আজাদ এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অরবিন্দু রায়।

সভায় ইউএনও মো. রুহুল আমিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও অনেক সময় গুজব ও বিভ্রান্তিকর তথ্য ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে এবং গুজব প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণদের এ ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।