• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম


যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট টাইম: July 9, 2026 9:44 pm




আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, জামালপুর:

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঘটনার ১৩ বছর ৭ মাস পর বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি লম্বাপাড়া গ্রামে আনোয়ার হোসেনের বাড়ি থেকে তাঁর স্ত্রী ইসমতারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে এবং আদালতে উপস্থাপিত সাক্ষ্য–প্রমাণে উঠে আসে, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে ইসমতারার ওপর নির্যাতন চালানো হতো। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ১৩ বছর ৭ মাস পর আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। তবে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিকে দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।