

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে দেড় ঘণ্টার উদ্ধার অভিযানে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস। এ সময় আহত এক শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রোববার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। জলপ্রপাতে যাওয়ার পথে দলের একজন শিক্ষার্থী পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ এবং আহত সহযাত্রীকে নিয়ে নিরাপদে ফিরে আসতে না পেরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সহায়তা চান।
খবর পেয়ে বিকেল ৩টার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে টানা অভিযানের মাধ্যমে বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অন্য নয়জন পর্যটক সুস্থ রয়েছেন।
পুলিশ পর্যটকদের পাহাড়ি ও দুর্গম এলাকায় ভ্রমণের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।
