• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম


মৌলভীবাজারে শিক্ষার মান উন্নয়নে শিক্ষাবিদদের ব্যতিক্রমী ভাবনা কর্মশালা

আপডেট টাইম: July 28, 2026 1:59 pm




নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার মান উন্নয়ন শুধু পাঠ্যবই বা পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে না; এর সঙ্গে জড়িয়ে আছে পরিবার, শিক্ষক, সমাজ এবং শিক্ষার্থীর স্বপ্ন দেখার সক্ষমতা। এই ধারণাকে সামনে রেখে মৌলভীবাজারে শিক্ষাবিদ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী কর্মশালা।

মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের হলরুমে “শিক্ষার মান উন্নয়নে শিক্ষাবিদদের ভাবনা” শীর্ষক এ কর্মশালার আয়োজন করে সদর উপজেলার বাজরাকোনা গ্রামের আব্দুল গণি ও কদরুননেছা শিক্ষা ট্রাস্ট।

কর্মশালায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বর্তমান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীদের পাঁচটি দলে ভাগ করা হয়। প্রতিটি দলের সামনে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়-শিক্ষার্থীর অনুপস্থিতি কমানো, অভিভাবকদের আরও সম্পৃক্ত করা, শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে উদ্বুদ্ধ করা, কারিগরি শিক্ষায় আগ্রহ বৃদ্ধি এবং মেধাপাচার রোধে শিক্ষাবিদদের করণীয় কী হতে পারে।

দলীয় আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও সুপারিশ আর্টপেপারে লিপিবদ্ধ করেন। পরে প্রতিটি দলের পক্ষে সহকারী অধ্যাপক কাজল দেব, শিক্ষক অবিনাশ দে, রোকসানা আক্তার, প্রভাষক মো. জাহিদুল ইসলাম এবং মাওলানা মকবুল হোসেন খান তা উপস্থাপন করেন।

এর আগে উদ্বোধনী পর্বে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনসুর আলমগীর, সহযোগী অধ্যাপক ড. জগলুল হায়দার ইকবাল, অবসরপ্রাপ্ত প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন, সাংবাদিক নূরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু খান।

কর্মশালার সমাপনী বক্তব্যে আব্দুল গণি ও কদরুননেছা শিক্ষা ট্রাস্টের কর্ণধার প্রফেসর মো. সেলিম বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সমাজের সম্মিলিত দায়িত্ববোধই টেকসই পরিবর্তনের ভিত্তি গড়ে তুলতে পারে।