• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম


হাইওয়ে পুলিশ থেকে এপিবিএনে রেজাউল করিম, একসঙ্গে বদলি ২৩ পুলিশ কর্মকর্তা

আপডেট টাইম: August 12, 2026 5:28 pm




ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক:

কর্মরত উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপারসহ (এসপি) ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে জনস্বার্থে তাঁদের নামের পাশে উল্লেখ করা পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্‌দাছ্‌ছের হোসেনকে রাজশাহী সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। র‌্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অন্যদিকে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিরুল ইসলামকে কুষ্টিয়ায় এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

একই সঙ্গে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে এবং ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনায় বদলি ও পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পৃথক দুটি প্রজ্ঞাপনে ডিআইজি, উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার আরও ১০ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। একযোগে ২৩ কর্মকর্তার এই বদলি-পদায়নের ফলে পুলিশের বিভিন্ন ইউনিটের নেতৃত্ব ও দায়িত্ব বণ্টনে পরিবর্তন এসেছে।