

মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫টি ডাকাতি মামলার আসামি সাদ্দাম হোসেন কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে সদর উপজেলার আথানগিরী টিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার উপপরিদর্শক (এসআই) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে পুলিশের একটি দল ভোরে আথানগিরী টিলা এলাকায় অভিযান চালায়। এ সময় এএসআই রানা, এএসআই জাহিদ, এএসআই ইখতিয়ার, এএসআই রুবেলসহ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযানকালে সাদ্দাম হোসেন কাজলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদ্দাম হোসেন কাজল সদর উপজেলার আথানগিরী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানিয়েছে, কাজলের বিরুদ্ধে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতির ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে থানায় চারটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাদ্দাম হোসেন কাজলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
