• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ এএম


নবীগঞ্জে সিএনজিচালকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম: September 16, 2026 3:35 pm




নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: 

নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজি অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গাজীর মোকাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তুহিন বাহুবল উপজেলার ইউসুফপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।

জানা যায়, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তুহিন আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান না পেয়ে মঙ্গলবার বাহুবল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বুধবার সকালে সাতাইহাল গাজীর মোকাম এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে তুহিনের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, তুহিন সিএনজি অটোরিকশাসহ নিখোঁজ হয়েছিলেন। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, তুহিনকে হত্যা করে তাঁর সিএনজি অটোরিকশাটি নিয়ে যেতে পারে দুর্বৃত্তরা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ বা ঘটনায় জড়িতদের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।

তুহিনের পরিবারের সদস্যরা দাবি করেছেন, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।