

ডেস্ক রিপোর্ট:
নতুন করে অবকাঠামো নির্মাণের আগে দেশের বিদ্যমান জেলা স্টেডিয়াম ও খেলার মাঠগুলোকে আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এসব স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেটের পাশাপাশি সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলাধুলার সুযোগ তৈরির পরিকল্পনা করা হয়েছে।
আজ মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলছে। স্টেডিয়ামগুলোর গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে এগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।
খেলাধুলার সুযোগ ইউনিয়ন পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর ওয়ার্ড পর্যায়ে ফুটসাল বা ছোট মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ।
মৌলভীবাজারের রেলওয়ে মাঠ দখলমুক্ত করার বিষয়ে মো. আমিনুল হক বলেন, যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো অবমুক্ত করে খেলাধুলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খেলাধুলার সাফল্য বাড়ানোর লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় না, সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য লড়াই করতে চায়। এ জন্য বছরব্যাপী প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির জন্য দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক সরফুদ্দীন আহমদ সরফুসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।
