

নিজস্ব প্রতিবেদক:
আইনশৃঙ্খলা রক্ষা, দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে মৌলভীবাজারে সেপ্টেম্বর মাসের ‘সেরা উপপরিদর্শক (এসআই)’ নির্বাচিত হয়েছেন মো. ওবায়দুল্লাহ। তিনি মৌলভীবাজার সদর মডেল থানার অধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা পুলিশের অভিন্ন মূল্যায়ন মানদণ্ডে সেপ্টেম্বর মাসের কর্মদক্ষতা পর্যালোচনার পর তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয় থেকে দেওয়া ‘সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট’-এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। সনদে স্বাক্ষর করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
সনদে বলা হয়েছে, সেপ্টেম্বর ২০২৬-এ অসামান্য কর্মদক্ষতার জন্য মো. ওবায়দুল্লাহকে ‘বেস্ট সাব-ইনস্পেক্টর’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ বলেন, ‘এই স্বীকৃতি আমার একার অর্জন নয়; দায়িত্ব পালনে সহযোগিতা করা ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। একজন পুলিশ সদস্য হিসেবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সেবাপ্রত্যাশী মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘এই পুরস্কার আমাকে আরও দায়িত্বশীল ও পেশাদারভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে যেতে চাই।’
পুলিশের দায়িত্বকে শুধু আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের নিরাপত্তা ও সেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কর্মক্ষেত্রে পাওয়া এমন স্বীকৃতি দায়িত্বের প্রতি আরও বেশি জবাবদিহি ও নিষ্ঠাশীল হতে উৎসাহিত করে।
